ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসন ক্যাডারের বাইরে অন্য ক্যাডার থেকে পদোন্নতি পেয়ে উপসচিব হওয়া কর্মকর্তাদের পুরো কর্মজীবনের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) প্রতিবেদন সাত দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর-১ শাখার উপসচিব দেলোয়ারা বেগমের স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানো হয়।
এসিআরসহ ডোসিয়ার (কর্মজীবনের তথ্য সম্বলিত নথিপত্র) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সিআর) বরাবর পাঠাতে ওইসব কর্মকর্তার ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কেও নির্দেশ দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ক্যাডার থেকে পদোন্নতি পাওয়া উপসচিবরা তাদের এসিআর পাঠাতে অনীহা দেখাচ্ছেন। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেয়া হলেও তা আমলে নিচ্ছেন না তারা।
এ অবস্থায় আগামী সাত দিনের মধ্যে ওইসব কর্মকর্তার এসিআর জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, গৃহায়ন ও গণপূর্ত, রেলপথ, তথ্য, শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, পরিবেশ ও বন, ডাক ও টেলিযোগাযোগ এবং কৃষি মন্ত্রণালয়সহ খাদ্য, পরিসংখ্যান, স্থানীয় সরকার, সড়ক, অভ্যন্তরীণ সম্পদ, পরিকল্পনা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৫৭ ঘ.
bdnews24