চাঁদপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে পানি বিশুদ্ধকরণের দু’টি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজীব আহসানের নেতৃত্বে শহরের কালীবাড়ি এলাকায় এ অভিযানে কারখানা দু’টিকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
এ সময় বিএসটিআই-এর চট্টগ্রাম বিভাগীয় ফিল্ড অপারেশন ম্যানেজার রিয়াজ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব আহসান জানান, প্রথমে শহরের কালীবাড়ি এলাকায় প্রেসক্লাব সড়কে রেজাউল করিমের মালিকানাধীন ‘রও ওয়াটার প্ল্যান্ট’-এ অভিয়ান চালানো হয়। এখানে প্রয়োজনীয় কাগজপত্র ও বিএসটিআই-এর অনুমোদন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
এরপর কালীবাড়ি পৌরসভা কার্যালয় এলাকায় জাহিদ হোসেনের মালিকানাধীন ‘মেসার্স ওয়ারিশ ড্রিংকিং ওয়াটার’ এ অভিযান চালানো হয়।
“সেখানেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কারখানাটি সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল পানি বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিএসটিআই-এর কর্মকর্তা রিয়াজ হোসেন মোল্লা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৬ ঘ.
bdnews24