২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৩৬ জনে

নোয়াখালী ও ভোলাসহ ছয় উপকূলীয় জেলায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী ও ভোলাসহ ছয় উপকূলীয় জেলায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। গত ১০ অক্টোবর মধ্যরাতে উপকূলের ওই ছয় জেলায় ঘূর্ণিঝড় আঘাত হানে। আকষ্মিক এই ঝড়ে নিহত হওয়ার পাশাপাশি গভীর সমুদ্রে থাকা শতাধিক জেলে নিখোঁজ হয়েছিলেন। এরই মধ্যে পূর্বাভাস দেয়ার ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তরের গাফিলতি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়ে আহতদের মধ্যে গত মঙ্গলবার হাতিয়ায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ভোলা তজুমদ্দিন এলাকায় একজনের লাশ লাশ পাওয়া গেছে। নিহত ৩৬ জনের মধ্যে নোয়াখালীর ১৮, ভোলার ১২, চট্টগ্রামের চার ও কক্সবাজারের দুইজন রয়েছেন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘূর্ণিদুর্গত তিনটি জেলায় আগামী তিনমাস ২৪ হাজার পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে। এ জন্য ইতোমধ্যে ৭২৮ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ঘটনার পর থেকে বুধবার পর্যন্ত দুর্গত ছয় জেলার ক্ষতিগ্রস্তদের মাঝে এক হাজার ৭২৮ মেট্রিক টন চাল ও ৪০ লাখ টাকার নগদ সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ বিতরণ করা হয়েছে তিন লাখ ৯৫ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭২৬ ঘ.