ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিকাংশ সংসদ সদস্য নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত উল্লেখ করে যে জরিপ প্রতিবেদন টিআইবি প্রকাশ করেছে- তার পূর্ণাঙ্গ কপি তাদের কাছে চাওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “প্রতিবেদন দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর টিআইবির প্রতিবেদন যদি সঠিক না হয়, তাহলে টিআইবির কাছে কৈফিয়ত চাওয়া হবে।”
দেশের অর্ধেক সংসদীয় আসনের সদস্যদের ওপর ‘গবেষণা’ চালিয়ে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রোববার এক প্রতিবেদনে বলে, সংসদ সদস্যদের ৯৭ শতাংশই বিভিন্ন ‘নেতিবাচক কার্যক্রমে’ জড়িত।
টিআইবির ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, অনির্বাচিতদের ক্ষমতায় আনার পথ তৈরিতে এই প্রতিবেদনের যোগসাজশ থাকতে পারে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, ওই প্রতিবেদন সরকারি দলের জন্য প্রযোজ্য।
‘দুর্যোগপূর্ণ এলাকায় রিপোর্টিং, আত্মরক্ষা ও উদ্ধার তৎপরতা’ সংক্রান্ত তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফায়ার সার্ভিসের মহা-পরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ, ডিআরইউর সভাপতি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোশিয়েশনের সভাপতি বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৩২৯ ঘ.
bdnews24