২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘২৩২ কোটি টাকা ফেরত দিয়েছে হল-মার্ক’

অনিয়মের মাধ্যমে বিপুল অংকের ঋণ নেয়া হল-মার্ক গ্রুপ ইতোমধ্যে সোনালী ব্যাংককে ২৩২ কোটি টাকা ফেরত দিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ কুমার দত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের মাধ্যমে বিপুল অংকের ঋণ নেয়া হল-মার্ক গ্রুপ ইতোমধ্যে সোনালী ব্যাংককে ২৩২ কোটি টাকা ফেরত দিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ কুমার দত্ত। বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের বলেন, হল-মার্ক গ্রুপ ঋণ হিসেবে নেয়া টাকার মধ্যে ২৩২ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করেছে। শিগগিরই তাদের কাছ থেকে আরো ৪৮ কোটি টাকা ফেরত পাওয়া যাবে বলেও প্রদীপ আশা প্রকাশ করেন। হল-মার্কের নেয়া অর্থ আদায়ে সোনালী ব্যাংক কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে এই কমকর্তা বলেন, “আমরা দুইজন আইনজীবী নিয়োগ করেছি। তারা দুইজন মামলার প্রস্তুতি নিচ্ছেন।” তবে এ বিষয়টি ‘গুছিয়ে উঠতে’ কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। এর আগে দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল প্রদীপ কুমারকে জিজ্ঞাসাবাদ করেন। ২০১০ সাল থেকে ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা কার্যালয় সহ একাধিক কার্যালয় থেকে অবৈধভাবে ৩ হাজার ৬০৬ কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে হল-মার্ক গ্রুপ, নকশি নিট কম্পোজিট, খান জাহান আলী স্যুয়েটার্স এবং ডিএন স্পোর্টস সহ ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই সরিয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা। এ বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলে আমলে নেয় দুদক। এরপর সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের অনুরোধে এই অর্থ কারসাজির প্রাথমিক অনুসন্ধান শুরু করে কমিশন। এর ভিত্তিতে হল-মার্ক ও সোনালী ব্যাংকের ২৭ কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা হয়। গ্রেপ্তার হন হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, মহা ব্যবস্থাপক তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার তৎকালীন ব্যবস্থাপক কে এম আজিজুর রহমান। হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় নিজের সম্পৃক্ততা নেই দাবি করে প্রদীপ কুমার সাংবাদিকদের বলেন, সোনালী ব্যাংকের আগের ব্যবস্থাপনা পরিচালকের সময় নিরীক্ষায় দুর্বলতা থাকায় এটা ঘটেছে। প্রদীপ কুমার দত্ত গত জুনে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/জেকে/১৪৫৫ ঘ.