ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দশ বছরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া কর্মকর্তাদের তালিকা এবং তাদের জন্য সরকারের ব্যয়ের খতিয়ান আদালতকে জানাতে আরো তিন মাস সময় পেয়েছে সরকার।
রাষ্ট্রপক্ষের আবেদনে বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেয়। একইসঙ্গে আগামী ১৭ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ রেখেছে আদালত।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানিতে উপস্থিত হয়ে ওই তালিকা জমা দেয়ার জন্য আরো ৬ মাস সময় প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তিন মাসের সময় মঞ্জুর করে।
আদালতে রিটকারী পক্ষে ছিলেন ব্যরিস্টার অনীক আর হক।
সাবেক সচিব আসাফ উদ-দৌলার একটি রিট আবেদনে গত ৪ জুন হাই কোর্ট একটি রুলে জারি করে। ‘নির্ধারিত কারণ ও সময়ের বাইরে সরকারি কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওএসডি) করে রাখা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- সরকারের কাছে তা জানতে চাওয়া হয় ওই রুলে।
ওএসডি করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট নীতিমালা কেন করা হবে না- তা-ও জানতে চায় আদালত।
একইসঙ্গে গত দশ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হওয়া কর্মকর্তাদের তালিকা এবং তাদের জন্য প্রতিবছর সরকারের কতো অর্থ ব্যয় হয়েছে- তার হিসাব আট সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়।
রুল জারির সময় রিটকারীর আইনজীবী অনীক আর হক আদালতকে বলেন, বর্তমানে কেবল জনপ্রশাসন মন্ত্রণালয়েই ৫৯১ জন কর্মকর্তা অনির্দিষ্টকালের জন্য ওএসডি হয়ে আছেন। এর মধ্যে তিনজন সচিব, ৩৭ জন অতিরিক্ত সচিব, ১৪৬ জন যুগ্ম সচিব, ১৭০ জন উপ সচিব, ১৯০ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ৪৫ জন সহকারী সচিব রয়েছেন।
“মূল বেতন হিসাবে এই কর্মকর্তাদের পেছনে প্রতি মাসে এক কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা খরচ হয়। জনগণের করের টাকা থেকে তাদের বেতন দেওয়া হয়”, বলেন অনীক।
এই আইনজীবী বলেন, ১৯৯১ সালে জারি করা এক প্রজ্ঞাপনে ওএসডি করার কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু বর্তমানে যারা ওএসডি হয়ে আছেন, তাদের ৯০ শতাংশের ক্ষেত্রেই নির্দিষ্ট কোনো কারণ নেই।
কর্মকর্তাদের ওএসডি করে রাখায় অনেক ক্ষেত্রেই মেধার সঠিক ব্যবহার হচ্ছে না বলেও তিনি সে সময় মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৩০ ঘ.
bdnews24