২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ছাপা প্রাথমিকের বই এসেছে

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছাপানো প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের পাঠ্যবই আসতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 03:53 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

বেনাপোল, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছাপানো প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের পাঠ্যবই আসতে শুরু করেছে। কাস্টমস থেকে বই ছাড় করানোর দায়িত্ব পাওয়া সিঅ্যান্ডএফ এজেন্ট এস.টি.এম ট্রেডের মালিক তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া নিশ্চিত করতে সরকার ভারত থেকে এবার মোট ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৯৩টি বই ছাপিয়ে আনছে। এর ধারাবাহিকতায় গত এক মাসে মোট ১ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার বই দেশে এসেছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার জানান, বইয়ের আমদানি করছে ঢাকার এন.সি.টি.ভি নামের একটি প্রতিষ্ঠান। বইগুলো পাঠিয়েছে কোলকাতার কৃষ্ণা ট্রেডার্স। ভারত থেকে আনা বইগুলোর মধ্যে প্রায় ১ কোটি ২০ লাখ বই বেনাপোল বন্দর গুদাম থেকে গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে বলে জানান পরিবহনের দায়িত্ব পাওয়া বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির মালিক গাজী আজিমুদ্দিন। প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের জন্য ছাপানো বইয়ের ৫০ শতাংশ বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে বলে সোমবার জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন। প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২ কোটি ৩১ হাজার ৪১২ জন শিক্ষার্থীর মধ্যে ১০ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮৩৩টি পাঠ্যবই বিতরণ করা হবে বলে জানান নিয়াজউদ্দিন। প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, কারিগরি ও দাখিল স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বই সরবরাহ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/০৯৪৮ ঘ.