ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণ করতে আসা বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল দুপুরে ঢাকা ছেড়েছে।
বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের যোগাযোগ কর্মকর্তা মেহরীন আহমেদ মাহবুব মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে পদ্মা সেতুর তদন্তকাজ সংক্রান্ত নথিপত্র চায় প্রতিনিধি দলটি।
লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন এই দলের সঙ্গে বৈঠকে কমিশন চেয়ারম্যান গোলাম রহমান এবং ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনও ছিলেন।
আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে প্রতিনিধি দলের সাথে পুনরায় আলোচনা হতে পারে। তবে কবে বিশ্ব ব্যাংক এ সংক্রান্ত প্রতিবেদন দেবে বা দুদকের কাছে কোনো তালিকা হস্তান্তর করা হবে কি না- সে বিষয়ে প্রতিনিধি দলের সদস্যরা এখনো কিছু জানায়নি।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংক পর্যবেক্ষক দলের সদস্যরা রোববার ঢাকায় আসার পরপরই দুদকের সঙ্গে এক দফা বৈঠক করেছিলেন।
পর্যবেক্ষক দলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।
এদিকে জাপানে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগ দিয়ে মঙ্গলবার দুপুরে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকতা শাহেদুর রহমান জানান, দুপুর একটায় থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় ফেরেন অর্থমন্ত্রী।
বিমানবন্দরে সাংবাদিকরা উপস্থিত থাকলেও জাপান সফরের বিষয়ে কোনো কথা বলেননি মুহিত।
ঢাকা সফর শেষে বিশ্ব ব্যাংকের তদন্ত দল মঙ্গলবার দুপুরেই চলে যাওয়ায় তাদের সঙ্গে বৈঠকে আর বসতে পারেননি অর্থমন্ত্রী।
এর আগে দুদক ও বিশ্ব ব্যাংক কর্মকর্তারা জানিয়েছিলে, ঢাকা থাকা অবস্থায় টোকিও থেকে অর্থমন্ত্রী ফিরলে তার সঙ্গেও প্যানেলের সদস্যরা বসতে পারেন।
৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু তৈরিতে গত বছর বিশ্ব ব্যাংক ছাড়াও এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি করে বাংলাদেশ। কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করলে প্রকল্পটি ঝুলে যায়।
চুক্তি বাতিলের পর অবশ্য শর্ত পূরণে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। ছুটিতে পাঠানো হয় প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের সাবেক সচিব মোশারররফ হোসেন ভূঁইয়াকে।
পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণ করতে দিতেও রাজি হয় সরকার, যার ফলে প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। তবে একইসঙ্গে প্রকল্পের দুর্নীতির অভিযোগের তদন্ত পর্যবেক্ষণে এই প্যানেল গঠনের ঘোষণা দেয় বহুজাতিক ঋণদাতা সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১১১১ ঘ.
bdnews24