২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 06:58 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সোনারগাঁও মোগড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী কামাল হোসেন। ঘটনার ছয় ঘণ্টা পর পুলিশ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয় বলেও জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ। গ্রেপ্তারকৃতের নাম কবীর হোসেন বিল্লাল। তার অন্য সঙ্গীদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানান ওসি। জমি ব্যবসায়ী কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার ইসলামী ব্যাংক এসএমই শাখা থেকে ৯ লাখ তুলে অটোরিকশায় চড়ে যাওয়ার সময় ৬-৭ জন যুবক একটি সাদা মাইক্রোবাস নিয়ে তার গতিরোধ করে। “তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে সিএনজি থেকে নামিয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে চোখ বেঁধে মাইক্রোবাসে উঠিয়ে নেয়,” বলেন তিনি। কামাল আরো জানান, ছিনতাইকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভবেরচর এলাকায় গিয়ে তাকে মারধর করে নামিয়ে দিয়ে ৯ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। কামাল বিষয়টি সোনারগাঁও থানায় জানালে তারা সন্ধ্যার দিকে মদনপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাসটি আটক করে। ওই সময় ছিনতাইকারীর দল মাইক্রোবাস রেখে পালিয়ে গেলেও বিল্লাল ধরা পড়েন বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/০০৫০ ঘ.