ঝিনাইদহ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে সোমবারও দু’দলের সংঘর্ষ হয়েছে।
এই দুইপক্ষের মধ্যে রোববারের সংঘর্ষের জেরে এ সংঘর্ষ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে। দু’দিনে অন্তত ৩০ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
সোমবার বিকালে ব্রহ্মপুর, চরমৌকুড়ি ও পাথরবাড়ে গ্রামে বাড়িঘরে হামলা ও ভাংচুর হয়েছে।
পুলিশ সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস শেল ছুড়েছে এবং শটগানের গুলিবর্ষণ করেছে।
ঝিনাইদহ পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সারুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রায়হান উদ্দিনের সঙ্গে উপজেলা যুব লীগের সাবেক সভাপতি জুলফিকার কায়সার টিপুর বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।
এর জেরে রোববার রাতে কাতলাগাড়িতে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তারই ধারাবাহিকতায় সোমবার ফের সংঘর্ষ হয়।
সংঘর্ষ থামাতে পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস ও পাঁচ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.
bdnews24