২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের ইউসুফ মৃধাকে গ্রেপ্তারের আবেদন

মন্ত্রীর এপিএসের সেই গাড়িতে ছিলেন এই রেল কর্মকর্তা, যার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে মামলা করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে গ্রেপ্তারে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ এস এম মুজিবর রহমানের আদালতে এই আবেদন করা হয়। ইউসুফ মৃধার পাশাপাশি আরো দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের আবেদনও হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পিপি মাহমুদুল হক। ওই দুই কর্মকর্তা হলেন নিয়োগ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী মো. হাফিজুর রহমান চৌধুরী এবং সদস্য সচিব ও জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া। রেলওয়ের ছয়টি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ইউসুফ মৃধা ও ওই দুজনের বিরুদ্ধে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ছয়টি মামলা করে দুদক। কমিশনের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে করা এই মামলার আসামিদের তিনজনই রেল থেকে সাময়িক বরখাস্ত। পিপি মাহমুদুল হক বলেন, “আসামিরা দেশের বাইরে চলে যেতে পারে, মামলার আলামত নষ্ট করতে পারে এবং সাক্ষীদের হুমকি দিতে পারে এ আশঙ্কায় গ্রেপ্তারের এই আবেদন করা হয়েছে।” আদালত দুর্নীতি দমন কমিশনকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে বলে জানান পিপি। আইন অনুযায়ী দুদক গ্রেপ্তার করতে পারলেও ‘স্পর্শকাতর’ মামলা বলে আদালতের অনুমতি চাওয়া হয় বলে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন। গত এপ্রিলে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারের যে গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গিয়েছিল, ওই গাড়িতে ইউসুফ মৃধাও ছিলেন। ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলে এক পর্যায়ে পদত্যাগ করেন রেলমন্ত্রী সুরঞ্জিত। সাময়িক বরখাস্ত করা হয় ইউসুফ মৃধাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২০০০ ঘ.