চুয়াডাঙ্গা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা রেলস্টেশনের কাছে একটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, সোমবার সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনায় ট্রেনটির ৭টি ট্যাংকার লাইনচ্যুত হয়।
“ট্রেনটি মেইন লাইন থেকে লুপ লাইনে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।”
লাইনচ্যুত ট্রেনটির চালক আইনাল হক জানান, ৫৫টি ট্যাংকারসহ ট্রেনটি রোববার রাত ১টায় ঈশ্বরদীর উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসে। সকালে চুয়াডাঙ্গা রেল স্টেশনের কাছাকাছি পৌঁছলে সামনের দিকের ৭টি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, “রেললাইনে পর্যাপ্ত স্লিপার না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। লাইনচ্যুত বগিগুলোর চাকা রেললাইনের পাশের মাটিতে দেবে গেছে।”
দুঘটনা কবলিত স্থানের পাশে আলাদা লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৫৬ ঘ.
bdnews24