২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ কোটি জাল টাকাসহ গ্রেপ্তার ১০

রাজধানীর ডেমরা ও কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে দশ কোটি জাল টাকা ও ভারতীয় রুপিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে তিনজন নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরা ও কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে দশ কোটি জাল টাকা ও ভারতীয় রুপিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে তিনজন নারী। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তারের পর রোববার সকালে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তাদের হাজির করে বিস্তারিত জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জামান বিশ্বাস (৫০), জালাল উদ্দিন (২৫), শাবানা (২৫), মোসাম্মদ মাকসুদা (২০), লিমা আক্তার (২০), আবদুর রহমান (৩৬), খালিদুজ্জামান (৩৫), বাবু মিয়া (২৮), সুজন ওরফে ডেসটিনি সুজন (২৭) ও মঞ্জুরুল কামাল (৬০)। তাদের কাছ থেকে ৮৮ হাজার ভারতীয় জাল রুপিসহ প্রায় ১০ কোটি জাল টাকা উদ্ধার করা হয়। এছাড়া তিনটি ল্যাপটপ ও ছয়টি প্রিন্টার উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশের উপ-কমিশনার মাহবুবর রহমান (পশ্চিম) সাংবাদিকদের জানান, এদের মধ্যে জামান বিশ্বাস ১৪ বছর ধরে জাল টাকা প্রস্তুত ও বেচাকেনার সঙ্গে জড়িত। তিনি বলেন, ঈদকে সামনে রেখে ঢাকায় আট থেকে দশটি জাল টাকা তৈরির দল সক্রিয় রয়েছে বলে গোয়েন্দা তদন্তে জানা গেছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ পর্যন্ত যত জাল টাকা উদ্ধার করা হয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে বড় জালটাকা প্রস্তুতকারী দল বলে জানান উপ-কমিশনার মাহবুবর জানান। পুলিশ হেফাজতে জামান বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে তিনি আর্টের কাজ করতেন এবং প্রিন্টারের দোকানে চাকরি করতেন। সেখান থেকেই জাল টাকা তৈরির কৌশল শিখেছেন। ভারতীয় রুপি কেন তৈরি করছেন জানতে চাইলে তিনি বলেন, উত্তম নামে একজন ভারতীয় মালদা থেকে এসে ওই রুপিগুলো নিয়ে যেতেন। “গত ১৪ বছরে উত্তম আমার কাছ থেকে ১০ থেকে ১২ বার জাল রুপিগুলো নিয়ে গেছে।” আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উপ-কমিশনার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৩৩৭ ঘ.