২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ছাত্রী অপহরণ ও ধর্ষণ, গ্রেপ্তার ২

নরসিংদীতে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ করে তিনদিন আটকে রেখে ধর্ষণ করেছে এক বখাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

নরসিংদী, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ করে তিনদিন আটকে রেখে ধর্ষণ করেছে এক বখাটে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আশিক সরকার (১৭) ও ফয়সাল মিয়া (১৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। সন্ধ্যায় নরসিংদীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচদোনা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেপ্তারে পর সদর থানায় সোপর্দ করে। পরে তাদের আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে আগামীকাল (সোমবার) সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হবে বলেও তিনি জানান। সদর উপজেলার মিরেরপাড়া গ্রামের মেয়েটি বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপিঠের দশম শ্রেণীর ছাত্রী। ছাত্রীর পরিবারের বরাত দিয়ে পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকাল ১০টায় এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার পথে গ্রামের আশিক সরকার (১৭), ফয়সাল মিয়া (১৮) ও ইয়াছিন মিয়া (২০) তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় সে চিৎকার দিলে অপহরণকারীরা তার মুখ চেপে ধরে। তাকে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচরে আশিকের এক নিকট আত্মীয়ের বাড়িতে আটকে তার আপত্তিকর দৃশ্যের ভিডিও ধারণ করা হয়। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আশিক তাকে ধর্ষণ করে। বৃহস্পতিবার অপহরণকারীরা মেয়েটিকে বাড়ি পৌঁছে দেয় বলে পরিবারের সদস্যরা জানান। পুলিশ কর্মকর্তা আরো বলেন, বিষয়টি সমঝোতার জন্য স্থানীয়রা শনিবার দুপুরে বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠে এক সালিশ বৈঠকে বসে। সালিশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজি রশিদ নওশের, পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন ভূঁইয়া, স্থানীয় শীলমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া প্রমুখ। এসআই কামাল হোসেন আরো বলেন, শালিসে আশিক ও ফয়সালকে দোষী সাব্যস্ত করে যথাক্রমে দেড় লাখ টাকা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের জুতার মালা পরিয়ে স্কুলের মাঠ ঘোরানোরও রায় দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। তাই আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, বলেন পুলিশ কর্মকর্তা। ছাত্রীর পরিবারকে থানায় মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে বলেও তিনি জানান। নির্যাতনের শিকার ছাত্রী সাংবাদিকদের বলেন, আশিক স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি বাড়িতে জানানোর পর তাকে নিষেধও করা হয়। “সে শুধু আমার জীবনই নষ্ট করেনি, লেখাপড়াও নষ্ট করে দিয়েছে। আমি তার বিচার চাই,” বলে মেয়েটি হাউমাউ করে কেঁদে দেয়। মেয়েটির বাবা বলেন, “আমি বুঝতে পারছি না, কীভাবে কী হয়ে গেল।” অভিযুক্ত আশিক সরকার অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, “আমি তাকে পছন্দ করি। এ বিষয়টি বেশ কিছিুদিন আগে তাকে জানিয়েছি। সে রাজি না হওয়ায় আমার মাথা খারাপ হয়ে যায়। না বুঝেই এ ঘটনা ঘটিয়ে ফেলি।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজি রশিদ নওশের সাংবাদিকদের বলেন, ছেলেগুলো বখাটে। এর আগেও একাধিকবার তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিচার করা হয়েছে। “বিষয়টির সঙ্গে বিদ্যালয়ের মান-মর্যাদা জড়িত। তাই আপসের মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু পরে বুঝেছি বিষয়টি সালিশে সমাধানযোগ্য নয়। তাই বখাটেদের পুলিশের হাতে তুলে দিয়েছি,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.