২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার বাদী-সাক্ষীদের হুমকির অভিযোগ

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহতের স্বজনের করা মামলার বাদী ও সাক্ষীদের নানাভাবে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

বরিশাল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহতের স্বজনের করা মামলার বাদী ও সাক্ষীদের নানাভাবে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। রোববার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মুলাদী উপজেলার নিহত মজনু খাঁ’র বোন রিনা খান। সংবাদ সম্মেলনে রিনা সঙ্গে নিহত কালাম সরদারের স্ত্রী রাজিয়া বেগম, মেয়ে রিক্তা আক্তার ও শিশুপুত্র মুরাদ সরদারও উপস্থিত ছিল। ২০১০ সালের এ ঘটনায় নিহত হন মজনু খাঁ (৪৫) ও কামাল সরদার (৪০)। এই ঘটনায় রিনা বাদী হয়ে র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল মনিরুল হক ও ১ নম্বর কোম্পানির অধিনায়ক মেজর রাশেদুল হক খানসহ ৩০ জনকে আসামি করে বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। সংবাদ সম্মেলনে রিনার অভিযোগ, মামলা পরিচালার জন্য আদালতে এলে আসামিপক্ষের লোকজন তাকে ও সাক্ষীদের ঘিরে রাখে। সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দেয়। দুই বছরেও মামলার কোনো অগ্রগতি নেই বলে লিখিত বক্তব্যে অভিযোগ করেন রিনা। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বাদীকে মামলা তুলে নিতে এবং সাক্ষীদের আদালতে না আসতে হুমকি দিচ্ছে। মামলার প্রধান আসামি বাচ্চু খাসহ অপর অভিযুক্তরা জীবননাশের হুমকি দেয়ায় ২০১০ এর ২৩ জুলাই ঢাকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৭১১) করা হয়। এর তিনদিন পরে আসামিরা আবার জীবননাশের হুমকি দিলে কদমতলী থানায় আরেকটি জিডি (নম্বর ১৩৮০) করা হয়। এরপরও হুমকি দিলে ঢাকার শ্যামপুর থানায় ২০১১ সালের ১ অক্টোবর আরেকটি জিডি (নম্বর ৪৪) করা হয়। ২০১১ সালে ডিসেম্বরে গ্রামের বাড়ি মুলাদি গেলে আসামিরা হামলার চেষ্টা করে। তখনও মুলাদি থানাকে জিডি (নম্বর ১০৪৫) করা হয়। এছাড়া ফোনের মাধ্যমে হুমকি দেয়া সবসমই অব্যাহত রয়েছে। রিনা খান অভিযোগ করেন , মজনু খান ও কালাম সরদারকে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়েছে। দুজনের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ মামলায় ৩০ আসামির মধ্যে দুই র‌্যাব কর্মকর্তাসহ নয়জনকে অব্যাহতি দিয়ে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করে। বাকি ২১ জনের মধ্যে ১০ জন নিয়মিত হাজিরা দেন। অপর ১১ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/