বরিশাল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার জন্য বরিশালের মুলাদী ও মেহেন্দীগঞ্জ উপজেলায় ১৭ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং মেহেন্দীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মমিনউদ্দিন এই সাজা দেন।
দণ্ডিত ১৭ জনের মধ্যে চারজন হলেন মুলাদীর এবং ১৩ জন মেহেন্দীগঞ্জের।
মুলাদীতে দণ্ডিতরা হলেন মো. হেলাল, মো. বেল্লাল, মো. জাহাঙ্গীর ও মো. মোয়াজ্জেম। এদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ চারজনের কাছ থেকে ৩০ কেজি ইলিশ মাছ ও একশ’ মিটার জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে।
মুলাদী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জয়ন্তী নদীতে মাছ ধরার সময় এদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার করা হয়।
মেহেন্দীগঞ্জে আটক ১৩ জেলেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও প্রত্যেককে পাঁচশ’ টাকা করে জরিমানা অনাদায়ে আরো সাত দিন কারাভোগ করতে হবে।
দণ্ডিতরা হলেন জাকির হোসেন (২৫), ইব্রাহিম বাঘা (১৮), রোমান (২০), আসলাম (১৮), হুমায়ন (১৮), মারুফ (১৯), আনোয়ার (১৮), সাইফুল (১৮), দুলাল (১৮), কাসেম (২০), নুর হোসেন (২৫), জসিম (৩০) ও জাহাঙ্গীর (১৮)।
মেহেন্দীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খলিল বলেন, তাদের সাজার পরোয়ানা বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের সময় উদ্ধার করা ২০ হাজার মিটার জাল পোড়ানো হয় এবং উদ্ধার করা ৫০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয় বলেন তিনি।
এএসআই খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার কালীগঞ্জ ও লালগঞ্জ এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় এই ১৩ জেলেকে আটক করা হয়।
ইলিশ সম্পদ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি এবং বহন করা নিষিদ্ধ করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৫৫ ঘ.
bdnews24