খুলনা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা রেল সার্ভিসের আরো উন্নয়নের জন্য ১৩ দফা দাবিতে খুলনা রেল স্টেশন অবরোধ করে রাখে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
শনিবার সকাল ৮টা থেকে অবরোধ শুরু হলে পুলিশী বাধায় নির্ধারিত সময়ের আগেই কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা।
১৩ দফার মধ্যে খুলনায় আধুনিক রেল স্টেশন, খুলনা-দর্শনা ডাবল রেল লাইন নির্মাণ ও ঢাকা-খুলনা দ্রুতগামী আরো একটি ট্রেন চালু করার দাবি রয়েছে।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ জানান, অবরোধকারীদের রেল লাইনের উপর থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।
“তবে পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়ে যায়।”
অবরোধের কারণে ঢাকাগামী চিত্রা একঘণ্টা ও পার্বতীপুরগামী রকেট মেইল ১৫ মিনিট পর স্টেশন থেকে ছাড়ে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার গোলাম রহমান।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান জানান, পূর্ব ঘোষিত রেল স্টেশন অবরোধ কর্মসূচি সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল।
“স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগে ট্রেন ছাড়ার ঘোষণা দিলে অবরোধকারীরা সকাল ৮টা থেকে কর্মসূিচ পালন শুরু করে।”
“এক পর্যায়ে পুলিশের বাধার কারণে কর্মসূচি পালনে কিছুটা বিঘœ ঘটে।”
“তবে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়।”
অবরোধকালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম দাউদ আলীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৭ ঘ.
bdnews24