২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীনিবাস ছাড়ার হুমকি, ২০ শিবির কর্মী আটক

বগুড়া শহরের কয়েকটি ছাত্রীনিবাসের (মেস) শিক্ষার্থীদের আবাস ছাড়ার হুমকির অভিযোগে পুলিশ ২০ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

বগুড়া, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের কয়েকটি ছাত্রীনিবাসের (মেস) শিক্ষার্থীদের আবাস ছাড়ার হুমকির অভিযোগে পুলিশ ২০ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে তাদেরকে শহরের জামিলনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার ওসি মাহমুদুল আলম বলেন, জামিলনগর এলাকায় ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে চলে যাওয়ার হুমকি দিচ্ছিল ছাত্র শিবির। মেস মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়। বগুড়ার সহকারি পুলিশ সুপার (এ-সার্কেল) মো. মোকবুল হোসেন বলেন, আটককৃদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেয়া হবে। জামিলনগরের একটি ছাত্রী মেসের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহুরুল ইসলাম অভিযোগ করেন, তার মেস থেকে ছাত্রীদের অন্যত্র চলে যাওয়ার হুমকি দিচ্ছিল শিবির নেতারা। এতে ছাত্রীরা আতঙ্কে রয়েছে। তাকেও হুমকি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, “এলাকাটি শিবির অধ্যুষিত হওয়ায়, শিবির কর্মীরা ছাত্রী মেস উঠিয়ে দিয়ে তাদের কর্মীদের রাখতে বলছে।” আজিজুল হক কলেজ শাখা শিবিরের সভাপতি মোর্তাসিন বিল্লাহ জানান, জামিলনগরের কিছু ছাত্রীমেসে ‘অনৈতিক’ কার্যকলাপ হচ্ছিল। তাই তারা এলাকাবাসীর পক্ষ থেকে এসব বন্ধের তাগিদ দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২৭ ঘ.