২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকিট দেয়া বন্ধ রেখেছে নাস

ফ্লাইট বিপর্যয়ের কারণে দেখা দেয়া এই সমস্যার সমাধানে আরো ২/১ দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে হাব। জানাচ্ছেন আশিক হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডিউল বিপর্যয়ের মুখে টিকিট দেয়া বন্ধ করে দিয়েছে হজযাত্রী পরিবহনের দায়িত্ব পাওয়া তিন ক্যারিয়ারের একটি- সৌদি আরবের বেসরকরি বিমান সংস্থা নাস এয়ার। সংস্থাটি বলছে, প্রথম কয়েকটি ফ্লাইটসূচি ঠিক রাখতে না পারায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে গত সোম ও মঙ্গলবার নির্ধারিত উড়োজাহাজ না আসায় শাহজালাল বিমানবন্দরে নাসের প্রায় ১২শ হজযাত্রী আটকা পড়ে। বুধবার ভোরে আটকে পড়া যাত্রীদের নিয়ে তিনটি ফ্লাইট রওয়ানা হলেও পরবর্তী সূচি ঠিক রাখতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সৌদি আরবের এই বিমান সংস্থাকে। এ বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাসের প্রথম কয়েকটি ফ্লাইটসূচি ঠিক রাখতে না পারায় এর প্রভাব পরবর্তী ফ্লাইটগুলোতেও এসে পড়ে। এ অবস্থায় নাস আপাতত নতুন টিকিট ইস্যু বন্ধ রেখেছে।” তবে আটকে পড়াদের অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছে দেয়ার কথা জানিয়েছে নাস এয়ার। জামাল উদ্দিন বলেন, “আগামী ২/১ দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে বলে তারা আমাদের আশ্বস্ত করেছে।” অবশ্য নাস এয়ারের সঙ্গে যোগাযোগ করা হলেও টিকিট কবে থেকে পুণরায় দেয়া হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংস্থাটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমদিকে বেশি যাত্রী নেয়ার পরিকল্পনা নিয়ে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট ইস্যু করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সে পরিকল্পনা পরিবর্তন করে প্রতিদিন যাত্রী কম নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরে নতুন পরিকল্পনা অনুযায়ী টিকিট ইস্যু শুরু হবে।” গত বছরও হজ পরবর্তী ফিরতি ফ্লাইট পরিচালনায় করতে গিয়ে নাস এয়ারের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নাস এয়ারকে কালো তালিকাভুক্তও করে। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারওয়েজই হজযাত্রী পরিবহন করছে। কোন তৃতীয় বিমান সংস্থা বা থার্ড কেরিয়ারকে এ বছর হজ যাত্রী পরিবহনের দায়িত্ব দেয়া হয়নি। এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজে যাওয়ার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ২ হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১ লাখ ৯ হাজার ৬০৩ জন। সরকারি হিসেবে, হজ ফ্লাইট শুরুর পর প্রথম দশদিনে মোট ২৯ হাজার ৫শ’ ৭৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৯৫৭ ঘ.