২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে এ নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে এ নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে সিরাজগঞ্জের উজানে কাজীপুর এবং ভাটিতে চৌহালীতে ভাঙন শুরু হয়েছে। ছয়টি উপজেলার প্রায় ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কে ইছামতি নদীর উপর নির্মাণাধীন সোনামুখী সেতুর বিকল্প সড়কের অস্থায়ী বেইলি ব্রিজটি স্রোতে ভেসে গেছে। এতে এ সড়কে সব ধরনের যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, সদর, তাড়াশ, চৌহালী, বেলকুচি, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার ৩৫টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে এ পর্যন্ত ১৪৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। জেলায় ২৪ হাজার ৫শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে। কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শফিউল আলম জানান, বন্যায় জেলার প্রায় সাত হাজার হেক্টর জমির আবাদি ফসল রোপা আমন, মাসকালাই, মরিচ ও শাকসবজি তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, ইছামতি নদীর প্রবল স্রোতে সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট সড়কে নির্মানাধীন সোনামুখী সেতুর বিকল্প বেইলি ব্রিজটি ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, গত দুই সপ্তাহে নদীভাঙনে সদরের শিমলা, ভাটপিয়ার, কাজীপুরের মাইজবাড়ী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, মনসুরনগর ও শুভগাছা ইউনিয়ন, চৌহালী ও শাহজাদপুরের পনের শতাধিক পরিবার ভিটেমাটি ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙনে বিলীন হয়েছে মসজিদ মাদ্রসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে করতোয়া, বড়াল, গুমানী, ইছামতি, ফুলজোড়সহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৩ ঘ.