গাইবান্ধা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংক গাইবান্ধার সাদুল্লাপুর শাখায় জালিয়াতির ঘটনায় এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সাদুল্লাপুর থানায় মামলাটি দায়ের করেন ওই শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান।
আসামিরা হলেন ব্যাংকের ওই শাখার সিবিএ নেতা কনিষ্ঠ কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী ও তার স্ত্রী রোকেয়া বেগম।
বাদী সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তে দেখা গেছে গত ফেব্র“য়ারি থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত এই শাখা থেকেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার সময় জিল্লুর রহমান শিক্ষক হেড একাউন্ট নম্বর ১২৫৫, ১২৫৬, ১২৫৭ ও ১২৬৩ (যে হিসাব থেকে সব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ দেয়া হয়) থেকে অব্যয়িত ৫৬ লাখ ৬৪ হাজার নয়শ’ ১০ টাকা ১০ জন শিক্ষকসহ তার শ্যলক ফেরদৌস বারীর ব্যক্তিগত একাউন্টে জমা করেন।
পরে সুযোগ বুঝে তিনি শিক্ষকদের কাছ থেকে আগাম স্বাক্ষর করে নেয়া ১২/১৩টি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
সোনালী ব্যাংক গাইবান্ধা অঞ্চলের উপ-মহাব্যাবস্থাপক (ডিজিএম) আব্দুস সামাদ বলেন, গত ১৮ সেপ্টেম্বর ব্যাংকের হিসাব মেলাতে গিয়ে ১৩ লাখ ৯৫ হাজার টাকা ঘাটতি ধরা পড়ে।
পরে অনুসন্ধানে জানা যায়, জিল্লুর রহমান কৌশলে ওই টাকা তিনজন শিক্ষকের ব্যক্তিগত একাউন্টে জমা করে পরে উত্তোলন করেন।
এই ঘটনায় পরদিন (১৯ সেপ্টেম্বর) জিল্লুরকে বরখাস্ত করা হয়।
এ ঘটনায় সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) রমেন্দ্র নাথ রাহা রায় ও প্রিন্সিপাল অফিসার আব্দুল কাফিকে সদস্য সচিব করে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24