ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরের একটি টিনশেড ঘর থেকে বুধবার এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে ২০/৪ নম্বর হাজী আবদুল মজিদ সর্দার লেনের এই ঘরের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সারোয়ার আলম (৪০) ঘরে একাই থাকতেন।
সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই টিনশেড ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে আশপাশের মানুষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তার ধারণা, তিন/চার দিন আগে সারোয়ারকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
ওসি আরো জানান, অবিবাহিত সারোয়ার ওই টিনশেড ঘরে একাই থাকতেন। তিনি তেমন কিছু করতেন না। মাঝে মাঝে বন্ধুবান্ধব নিয়ে ওই ঘরে আড্ডা দিতেন বলে তার স্বজনরা পুলিশকে জানায়।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯৪৫ ঘ.
bdnews24