ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে নিরাপত্তা প্রদান এবং খিলগাঁওয়ে তার বাবার বাড়িতে বসবাসের সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেয়।
পুলিশের খিলগাঁও জোনের সহকারি কমিশনার, রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই আদেশ বাস্তবায়ন করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
সংবিধান অনুযায়ী বাদীর নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা এবং দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র্যাবের মহাপরিচালক, খিলগাঁও জোনের সহকারি কমিশনার, রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বাদীর বেশ কয়েকজন নিকটাত্মীয়কে বিবাদী করা হয়েছে।
দৈনিক সমকাল পত্রিকায় গত ২ জুলাই প্রকাশিত ‘জীবনের নিরাপত্তা চাইলেন মার্কিন নাগরিক’ শিরোনামে একটি প্রতিবেদন যুক্ত করে শামীমুন নাহার লিপি সকালে রিট আবেদনটি দায়ের করেন।
ওই প্রতিবেদনে বলা হয়, জীবনের নিরাপত্তা ও পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম রশিদ উদ্দিনের মেয়ে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শামীমুন নাহার। তিনি মানবাধিকার সংগঠন হোপস ডোরের প্রধান। ২০১০ সালের ২৩ জানুয়ারি থেকে নাহার বাংলাদেশে অবস্থান করছেন।
প্রতিবেদনের ভাষ্য মতে, গত ১ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে শামীমুন নাহার অভিযোগ করেন, দেশে ফিরেই ভাই ও বোনের নির্মম নির্যাতনে তিনি অতিষ্ঠ। এছাড়াও সরকার দলীয় এমপি নসরুল হামিদ বিপুর যোগসাজশে স্থানীয় সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিচ্ছেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকেও আইনি সহযোগিতা তিনি পাননি। বাবার গুলশানের জমি, মিরপুরের জমি ও খিলগাঁওয়ের বাড়ির ৮০ কোটি টাকার সম্পত্তির ওয়ারিশ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে বলেও নাহার দাবি করেন।
নিকটাত্মীয়রা হত্যার হুমকির পাশাপাশি তাকে বিভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮১৯ ঘ.
bdnews24