চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ ধরা, সংরক্ষণ, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধের মৌসুমে চট্টগ্রামে জব্দ করা ৩০ কেজি ইলিশ একটি এতিমখানায় দিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার রাতে বন্দরনগরীর বিবির হাট বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।
ইলিশ সম্পদ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ও জাটকা রক্ষা কার্যক্রমের আওতায় সরকার এ বছর ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন উপকূলীয় ইলিশ প্রজনন এলাকাসহ সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে।
কামাল উদ্দিন চৌধুরী জানান, মাছগুলো স্থানীয় রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/১৭২০ ঘ.
bdnews24