ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই মামলায় ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদে হেফাজতে নেয়ার আবেদনও নাচক হয়েছে।
মঙ্গলবার ঢাকার পৃথক দুই মহানগর হাকিম ইসমাইল হোসেন ও এম এ সালাম এ আদেশ দেন।
যাদের জামিন আদেশ নাকচ হয়েছে তারা হলেন- সাব্বীর আহমেদ, সুমন, ফয়সাল আহমেদ, মোজাহিদুল ইসলাম, নুর উদ্দিন, রমজান আলী, তোফায়েল আহমেদ, আল আমীন, জুলহাস, মো. বাবু, শামীম, গোলজার হোসেন ও মুজিবুর রহমান।
দণ্ডবিধি ও দ্রত বিচারের দুই মামলায় সাত দিনের হেফাজাতের আবেদন জানানো হয়েছিল।
অপরদিকে আসামি পক্ষে দুই মামলায় ১৩ আসামির জামিন আবেদন করলে বিচারকরা তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৩ সেপ্টেম্বর ইসলামী ও সমমনা ১২ দলের হরতাল চলাকালে মিরপুরের কাজীপাড়া এলাকায় সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের দুই উপ-পরিদর্শক আহত হন। এরা হলেন রোকনুজ্জামান ও আসলাম উদ্দিন।
এ ঘটনায় মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক তৌহিদুল আবেদীন বাদী হয়ে ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের দেড়শ’ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৬৪২ ঘ.
bdnews24