ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের অভিযোগকে ‘দুরভিসন্ধিমূলক’ বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “যিনি অভিযোগ উত্থাপন করেছেন সুপ্রিম কোর্টের রায়ে তার সাজা হয়েছে। তিনি দুরভিসন্ধিমূলক অভিযোগ উত্থাপন করেছেন, এটা কাম্য নয়।”
মাহমুদুর রহমান মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ‘২৯টি’ অভিযোগ সম্বলিত একটি চিঠি সুপ্রিম কোর্টের নিবন্ধকের কাছে জমা দেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “সত্যতা যাচাই করা ছাড়াই এ ধরনের অভিযোগ উত্থাপন করা ঠিক নয়। এটা একেবারে ঠিক হয়নি।”
“এ ধরনের অভিযোগের ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। এতে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার পথে হুমকি তৈরি হয়”, বলেন শফিক আহমেদ।
তবে ‘অন্য কোনো বিশেষ আইনের’ আওতায় যদি কারো মনে হয় যে একজন বিচারপতি ‘অপরাধ’ করেছেন, তাহলে তিনি সেই আইনে অভিযোগ করতে পারেন বলে আইনমন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, “অভিযোগের সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত এবং নির্দিষ্টভাবে আইন অনুযায়ী তা প্রমাণ না হওয়া পর্যন্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হবে না বলেই আমার বিশ্বাস।”
বিচারপতিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলে তা কোথায় কীভাবে করতে হবে জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে মন্ত্রী বলেন, সেটা সংবিধানেই দেওয়া আছে।
“আমার অভিমত, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হলে রাষ্ট্রপতি তা প্রধান বিচারপতিকে বলতে পারেন।”
‘ব্যক্তিবিশেষ’ বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৬০৪ ঘ.
bdnews24