ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ প্রযুক্তি ও ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহার করে কীভাবে উন্নয়নের বাধাগুলো দূর করা যায় তা নিয়ে আলোচনার জন্য ঢাকায় এক সম্মেলনে জড়ো হয়েছেন সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা।
জাতিসংঘের তিন দিনের ‘সোশ্যাল গুড সামিট’ নামের এ সম্মেলনের সমাপনী পর্বের উদ্বোধন করা হয় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের ‘একসেস টু ইনফরমেশন’ (এটুআই) কর্মসূচি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
জটিল সমস্যাগুলো নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উদ্ভাবনী চিন্তা প্রকাশের জন্যই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
তৃতীয়বারের মতো আয়োজিত বার্ষিক ‘সোশ্যাল গুড সামিট’ গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হয়েছে, যা পরিচিতি পেয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অংশ্রহণমূলক সম্মেলন হিসাবে। সম্মেলনের শেষ দিন ছিল ঢাকায়।
বাংলাদেশসহ অন্যান্য দেশে এ সম্মেলনে অংশগ্রহণকারীরা সবাই একটি প্রশ্নের জবাবই খুঁজবেন- সমাজের প্রধান সমস্যাগুলো নতুন প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কীভাবে মোকাবেলা করা যায়।
তথ্যপ্রযুক্তি, সামাজিক সেবা, ই-গভর্নেন্স, সোশ্যাল মিডিয়া ও নিউ মিডিয়া নিয়ে বাংলাদেশে যারা কাজ করেন, তাদের প্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সুশীল সমাজ, সরকার, বিভিন্ন উন্নয়ন সংস্থা, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
ঢাকার এই অধিবেশনে বাংলাদেশে অনলাইন ও নিউ মিডিয়ার বর্তমান পরিস্থিতি, সরকারি কাজ ও উন্নয়নে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, স্থানীয় ও জাতীয় সমস্যার সমাধানে নিউ মিডিয়া ও প্রযুক্তিকে আরো বেশি সম্পৃক্ত করার উপায় এবং এর মাধ্যমে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের বাধাগুলো দূর করার বিষয়েও আলোচনা হয়েছে।
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার।
প্রতিবছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের সবচেয়ে জরুরি বিষয়গুলো তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুযোগ পান বিশ্ব নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিডি/এএইচ/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24