ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারে বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।
সোমবার বিকাল ৩টার দিকে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় এ দুর্ঘটনায় নিহত মর্জিনা বেগম (৪০) এলাকায় একটি প্রতিষ্ঠান ঝাড়– দেওয়ার কাজ করতেন বলে পুলিশ জানায়।
রমনা থানার উপপরিদর্শক আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় প্রভাতী পরিবহনের একটি বাসের চাপায় মর্জিনা ঘটনাস্থলে নিহত হন।
উত্তেজিত জনতা বাসটি থামিয়ে তাতে আগুন ধরিয়ে দিলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রভাতী পরিবহনের আরেকটি বাস ঘটনাস্থলে এলে ওই বাসেও জনতা আগুন ধরিয়ে দেয়।
এ সময় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলে তিনি জানান। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।
ফায়ার সাভির্স নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৬৫০ ঘ.
bdnews24