ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীরচরে এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে দুর্র্বৃত্তরা।
সোমবার দুপুর দেড়টার দিকে আশ্রাফাবাদ নুরজাহান স্কুলের পেছন থেকে আলাউদ্দিন ওরফে টুকুর (২৭) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলের পিছনে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়।
টুকুর শরীরে ছুরিকাঘাতের অনেক চিহ্ন রয়েছে। তাকে দুর্বৃত্তরা ছুরি মেরে হত্যা করেছে বলে তিনি জানান।
রোববার রাতে টুকু কামরাঙ্গীরচরের হুজুরপাড়ার বাসা থেকে বের হন বলে স্বজনরা পুলিশকে জানায়।
টুকু এলাকার এক রিকশার গ্যারেজে কাজ করতেন। ময়নাতদন্তের জন্য তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ওয়ারী থানার বিসিসি রোডের ওপর থেকে এক যুককের লাশ সোমবার সকালে উদ্বার করেছে থানা পুলিশ।
চুরি করতে গিয়ে বহুতল ভবনের ওপর থেকে পড়ে যুবকটি মারা গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওয়ারী থানার ওসি রফিকুল ইসলাম।
ময়নাতদন্তের জন্য তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭৫১ ঘ.
bdnews24