২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সিবিএ নেতার অর্ধকোটি টাকা আত্মসাৎ

সোনালী ব্যাংকের গাইবান্ধার সাদুল্লাহপুর শাখায় শিক্ষকদের হিসাব থেকে এ টাকা আত্মসাৎ করা হয় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সিবিএ নেতার ১৪ লাখ টাকা জালিয়াতির ঘটনা তদন্ত করতে গিয়ে ৫৬ লাখ টাকা আত্মসাতের ঘটনা বেরিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে সোনালী ব্যাংকের গাইবান্ধার সাদুল্লাহপুর শাখায়। গত আট মাসে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (আযম-খসরু) গাইবান্ধা জেলার সভাপতি জিল্লুর রহমান বিভিন্ন সময় শিক্ষকদের হিসাব থেকে এ টাকা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। স¤প্রতি ব্যাংকের সাদুল্লাহপুর শাখায় শিক্ষকদের হিসাবের অব্যয়িত অর্থের হিসাব মেলাতে গিয়ে ১৩ লাখ ৯৫ হাজার টাকা ঘাটতি দেখা দেয়। পরে ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার সিবিএ নেতা জিল্লুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ও ব্যাংকের সহকারী মহাব্যাবস্থাপক (এজিএম) রমেন্দ্র নাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন দেয়ার দিন অতিরিক্ত চাপ থাকায় কম্পিউটার অপারেটর জয়ন্তী রানী বিভিন্ন সময় জিল্লুরের সাহায্য নিতেন। এই সুযোগে জিল্লুর কম্পিউটারের পাসওয়ার্ড জেনে শিক্ষকদের হিসাব থেকে অব্যয়িত টাকা পরিচিত শিক্ষক ও আত্মীয়-স্বজনদের হিসাবে সরিয়ে নিতেন। পরে তিনি সুযোগ বুঝে বিভিন্ন শিক্ষক ও আত্মীয়ের চেক দিয়ে টাকা তুলে নিতেন বলে জানান এই তদন্ত কর্মকর্তা। ব্যাংকের উপ-মহাব্যাবস্থাপক (ডিজিএম) আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিল্লুর গত আট মাসে ব্যাংক থেকে প্রায় ৫৬ লাখ টাকা তুলে নিয়েছেন। তার কাছ থেকে এখন পর্যন্ত ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ডিজিএম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএইচপি/এএল/২১৪৬ ঘ.