রংপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রশীদুল হকের দেহরক্ষী কনস্টেবল আইয়ূব আলী শনিবার নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন।
আইয়ূব আলীর (২৬) বাড়ি ঠাকুরগাঁও সদরের বিল্লাইপাড়া গ্রামে।
পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
রংপুরের পুলিশ সুপার সালেহ মো. তানভীর তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রশীদুল হক সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টার দিকে তার বাসভবনে আইয়ূব আলীর থাকার ঘর থেকে গুলির শব্দ পেয়ে তারা বের হন। তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে দেখা যায় তার মাথার ডান পাশে গুলি ঢুকে বামদিকে বের হয়ে গেছে। আইয়ূব আলীর ডান হাতে ধরা রিভলভারের মাথায় রক্ত লেগে আছে।
পুলিশ কর্মকর্তা বলেন, নিজের বিয়ে নিয়ে কিছুদিন ধরে আইয়ূব আলী মানসিক অস্থিরতায় ছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.
bdnews24