শেরপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদরে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার দেবরের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকুরিয়া ইউনিয়নের মাটিনপাড় গ্রামে শনিবার দুপুরে কমলা বেওয়া (৮০) নিহত হন।
গ্রেপ্তার হিরা মিয়া (৪০) মানসিক ভারসাম্যহীন বলে স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সালাহউদ্দিন সিকদার বলেন, মানসিক ভারসাম্যহীন ভাতিজা হিরা মিয়া ধারালো দা দিয়ে অতর্কিতে তার বৃদ্ধা চাচী কমলা বেওয়াকে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী বলেন, ভাতিজা হিরা মিয়া যে দা দিয়ে চাচীকে খুন করেছে সেটিও জব্দ করেছে পুলিশ।
লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও এসআই ফজলে এলাহী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24