২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: তদন্তে কানাডার সাড়া চায় দুদক

কানাডা সরকার ইতিবাচক সাড়া দিলেই পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের প্রতিনিধি দল কানাডা যাবে। জানাচ্ছেন সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি দল। এজন্য কানাডা সরকারের কাছে চিঠিও পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের সবকিছু প্রস্তুত। কানাডা সরকারের কাছে চিঠিও পাঠানো হয়ে গেছে। এখন কানাডা সরকার ইতিবাচক সাড়া দিলেই দুদকের প্রতিনিধি দল কানাডা যাবে।” পদ্মা সেতু প্রকল্পের কাজ তদারকির জন্য প্রাথমিক যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ কানাডার এসএনসি লাভালিনের বিরুদ্ধে ওই দেশের পুলিশ দুর্নীতির অভিযোগ তুললে বিশ্ব ব্যাংক তা গুরুত্বের সঙ্গে নেয়ার কথা জানিয়ে গত বছরের সেপ্টেম্বরে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে। এ বছরের জুনে তা বাতিল করে বিশ্ব ব্যাংক। ঋণচুক্তি বাতিলের পর চারটি শর্ত পূরণে ব্যবস্থা নিতে বলা হয় বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরে এসেছে, এসএনসি লাভালিনের সাবেক কর্মকর্তা রমেশের ডায়েরিতে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুইঞাসহ কয়েকজনের নাম পাওয়া গেছে। ওই কর্মকর্তাদের ঘুষ দেয়ার পরিকল্পনা করেছিল এসএনসি লাভালিন। এ অভিযোগে কানাডা পুলিশ রমেশ নামে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে। দুদক চেয়ারম্যান বলেন, “সুষ্ঠু তদন্তের জন্য কানাডায় যেতেই হবে। কারণ কানাডা সরকারের কাছে এ বিষয়ে প্রচুর তথ্য রয়েছে। এগুলো না পাওয়া গেলে তদন্তকাজ সম্পূর্ণ হবে না। আমরা এখনো জানি না রমেশের খাতায় কাদের নাম উল্লেখ ছিল।” অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূইঞাসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে আবুল হোসেন ও মোশাররফ হোসেন বরাবরই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট (এমএলএআর) এর মাধ্যমে কানাডা সরকারের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, “দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে এই কাজটি করার দায়িত্ব অ্যাটর্নি জেনারেলের। তিনি ইতোমধ্যে এই সংক্রান্ত একটি চিঠি কানাডা সরকার বরাবর পাঠিয়েছেন, কিন্তু এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২২১৪ ঘ.