মেহেরপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলায় বুধবার বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর বাস ভাংচুর ও শ্রমিকদের মারধরের পর শ্রমিকরা মেহেরপুর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
নিহতরা হলেন মেহেরপুর সদরের কালাচাঁদাপুর গ্রামের রবজেল হোসেন (৪৫) এবং কুষ্টিয়ার মীরপুরের ওয়াপদা পাড়ার আসলাম উদ্দিন (৩৯)।
আহতদের মধ্যে রয়েছেন রাজু (২৩), লাইলা (৪৬), আকমল (৩৫), রানা (১৯), তসলিমা (৩৯), আলী আকবর (৪৯), জব্বার (৫৬), ইমতিয়াজ (৩৩) ও নাজিরুল (২৯)। তাদের বাড়ি মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায়।
তাদের মেহেরপুর ও গাংনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক বলেন, বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া থেকে যাত্রীবাহী বাসটি মেহেরপুর যাচ্ছিল।
গাংনী ছাতিয়ান সড়কে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর এলাকাবাসী বাস ভাংচুর ও শ্রমিকদের মারধর করেছে।
এ মারধরের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ন মেহেরপুর-কুষ্টিয়াসহ সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, শ্রমিকদের মারধর ও বাস ভাংচুর করায় তারা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24