চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে জেদ্দায় সরাসরি হজ ফ্লাইট চালুর দাবিতে বিমান অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে ট্রাভেল এজেন্ট ও হজে যেতে আগ্রহীরা।
ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব ও হজ এজেন্টদের সংগঠন হাব এর আয়োজনে বুধবার বেলা ১১টা থেকে বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা অফিস ঘেরাও করে দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টা দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন করে হজযাত্রী কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন।
বিমান অফিস ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে চট্টগ্রাম-জেদ্দা সরাসরি হজ ফ্লাইট চালুর দাবি জানান।
নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী কর্মসূচিতে উপস্থিত হয়ে এ দাবিকে ‘যৌক্তিক’ বলে উল্লেখ করেন।
এ বিষয়ে সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, দুই থেকে চার দিনের মধ্যে সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।
আটাবের চট্টগ্রাম শাখার চেয়ারম্যান এস এম আলম ও হাবের চট্টগ্রাম শাখার প্রধান এস এম মুবিনুল হক ঘেরাও কর্মসূচিতে জানান, বাণিজ্যিক রাজধানী বলা হলেও চট্টগ্রাম সবসময় অবহেলিত। বাংলাদেশ থেকে প্রতি বছর যতো যাত্রী হজে যায়, তাদের এক দশমাংশ যান চট্টগ্রাম থেকেই।
বিগত বছরগুলোতে চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম, ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা ও থার্ড ক্যারিয়ারের মাধ্যমে হজ ফ্লাইট পরিচালিত হলেও একটি ‘কুচক্রী মহলের চক্রান্তে’ সরকার ও বাংলাদেশ বিমান এবার চট্টগ্রামের হজযাত্রীদের বঞ্চিত করছে বলে অভিযোগ করেন ট্র্যাভেল এজেন্ট নেতারা।
হজযাত্রীদের জন্য জেদ্দায় সরাসরি ফ্লাইটসহ হাজীদের ফিরতি ফ্লাইটের ব্যবস্থা এবং থার্ড ক্যারিয়ামের মাধ্যমে হজযাত্রী পরিবহনেরও দাবি জানানো হয় কর্মসূচিতে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম কার্যালয়ের ব্যবস্থাপক দীলিপ কুমার চৌধুরীও ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে ‘ব্যক্তিগতভাবে’ হজ গমনেচ্ছূকদের দাবিকে যৌক্তিক বলে অভিহিত করেন।
তিনি বলেন, এই দাবির বিষয়ে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে জেদ্দা সরাসরি হজ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৬৪০ ঘ.
bdnews24