২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত ৩০, আটক ৯

বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্র-পুলিশ সংঘর্ষে শিক্ষকসহ অন্তত ৩০জন আহত হয়েছে। নয় ছাত্রকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 08:28 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

বরিশাল, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্র-পুলিশ সংঘর্ষে শিক্ষকসহ অন্তত ৩০জন আহত হয়েছে। নয় ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত সংঘর্ষ চলে বলে জানিয়েছে পুলিশ। বাবুগঞ্জ থানার এসআই এনামুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের হামলায় চার পুলিশ আহত হয়েছে।” ওসির মোটর সাইকেল, পিকআপসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। কলেজ অধ্যক্ষ আকম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ও প্রাইভেট পড়া রোধে ক্লাসে অনুপস্থিত থাকলে ও সাপ্তাহিক পরীক্ষায় অংশ না নিলে জরিমানা করার নিয়ম রয়েছে। এ নিয়ম শিথিল করার জন্য আবেদন করে শিক্ষার্থীরা। কলেজ পরিচালনা কমিটি ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া এই নিয়ম শিথিল করা যাবে না বলে ছাত্রদের জানান অধ্যক্ষ। এতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। “এক পর্যায়ে সড়ক অবরোধ করে কলেজের একটি টিনের কক্ষসহ পুলিশের যানবাহন, একটি বাস ও অটোরিকশা ভাংচুর করেছে। এই সময় শিক্ষক ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।” প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে কলেজের কঠোর নিয়ম শৃংখলা শিথিল করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে বের হয়ে সামনের সড়কে অবস্থান নেয়। এই সময় কলেজ কতৃপক্ষ গেট আটকে দিলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে একটি বাস ও তিনটি অটোরিকশা ভাঙচুর করে তারা। পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণ করতে গেলে তাদের ওপর ইট নিক্ষেপ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ পিছু হটলে টহল পিকআপ ও তাদের একটি মোটর সাইকেল ভাঙচুর করে তারা। এই সময় পুলিশ লাঠিচার্জ শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২০ ঘ.