ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)-বিশ্বের যে কোনও দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষাখাতে বরাদ্দ সবচেয়ে কম বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘জাতীয় শিক্ষা দিবস’ উপলক্ষ্যে ছাত্রলীগ এই সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী হতাশা ব্যক্ত করে বলেন, “দুনিয়ার মধ্যে বাংলাদেশে শিক্ষাখাতে বিনিয়োগ সবচেয়ে কম। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু বলেছিলেন আমাকে জিডিপির চার শতাংশ শিক্ষা খাতে ব্যয় করতে হবে। আর আমরা এখন ব্যয় করছি মাত্র ২ দশমিক ২ শতাংশ।”
‘জাতীয় শিক্ষানীতি ২০১০’-কে গণমুখী শিক্ষানীতি দাবি করে নাহিদ বলেন, আজ পর্যন্ত এমন কোনও শিক্ষানীতি হয়নি, যা প্রতিরোধের মুখে পড়েনি। কিন্তু এই শিক্ষানীতির বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে ওঠেনি।
শিক্ষানীতি বাস্তবায়ন একটি ধারাবাহিক, দীর্ঘমেয়াদী ও চলমান প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রী জানান, আগে শতকরা ৯ ভাগ শিশু স্কুলেই আসত না। এবার শতকার ৯৯ দশমিক ৪৭ শতাংশ শিশু স্কুলে এসেছে। একে উন্নত দেশের সমতুল্য বলেও দাবি করেন তিনি।
“স্কুলে আসা এই শিশুদের ধরে রাখাই এখন চ্যালেঞ্জ। তবে ঝরে পরার হার এখন কমেছে; আগে যা ছিল শতকরা ২৮ ভাগ, এখন তা ১২ থেকে ১৪ ভাগে নেমে এসেছে।”
এবার ১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী জানান,
এবছর ২৭ কোটি নতুন বই ছাপা হবে।
তিনি বলেন, গত বছরগুলোর মতো আগামী বছরও এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হবে। উভয় পরীক্ষার ফলই ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামানের সভাপতিত্বে ও সধারণ সম্পাদ সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় সেমিনারে সাংসদ বেবি মওদুদ ও র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ‘জাতীয় শিক্ষানীতি ২০১০: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান।
মূল প্রবন্ধে তিনি বলেন, সদিচ্ছা, দেশপ্রেম, দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকলে সীমিত সম্পদের মধ্যেও যে মহৎ কিছু করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’।
এই শিক্ষানীতির ২০ থেকে ২৫ শতাংশ ইতোমধ্যেই বাস্তায়িত হয়েছে বলেও তিনি দাবি করেন। সেইসঙ্গে মূল প্রবন্ধে তিনি বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ নিয়ে হতাশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৫৮ ঘ.
bdnews24