গাইবান্ধা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার জেলা ও দায়রা জজ, জেলা প্রসশাসকসহ শতাধিক কর্মকর্তা ও দপ্তরের সিল ও জাল স্ট্যাম্প রাখার অভিযোগে এক বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রামের বাড়ি থেকে সিরাজ উদ্দিনকে (৭০) গ্রেপ্তার করা হয়। সিরাজ উপজেলার তালুককানুপুর উত্তরপাড়া গ্রামের প্রয়াত সুলতান উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক রামজীবন ভৌমিক বলেন, দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকার বিনিময়ে জমির জাল দলিল, পর্চা (মাঠ জরিপের কাগজ), দাখিলা (খাজনা আদায়ের রশিদ), মামলার জাল রায়সহ বিভিন্ন সরকারি কাগজপত্র অবিকল নকল করে করে আসছিল সিরাজ।
তিনি আরো বলেন, সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি জমি খারিজ করার জন্য আবেদন করা হয়। কিন্তু দাখিল করা কাগজপত্রে বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জাল ও কাগজগুলো নকল বলে সন্দেহ হয়।
এর সূত্র ধরেই গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান পুলিশ নিয়ে সিরাজকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
এ সময় তার বাড়ি থেকে জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, সাবেক সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), উপজেলা সেটেলম্যান অফিসার, ইউনিয়ন ভুমি কর্মকর্তাসহ প্রায় শতাধিক কর্মকর্তা ও সরকারি দপ্তরের সিল, দুইটি সিএস বই, ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলের জাল স্ট্যাম্পসহ ভুমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে।
এনিয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ জানান, তার কাছ থেকে উদ্ধার করা সিলগুলোর মধ্যে ছিল, ব্রিটিশ ও পাকিস্তান আমলের এবং বাংলাদেশর থানা, উপজেলা, মহকুমা ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সিল এবং ভুমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24