২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল সংসদে পাস

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদনের সময়সীমা ১২০ দিন থেকে বাড়িয়ে ৩০০ দিন করার প্রস্তাব রেখে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল- ২০১২’ জাতীয় সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদনের সময়সীমা ১২০ দিন থেকে বাড়িয়ে ৩০০ দিন করার প্রস্তাব রেখে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল- ২০১২’ জাতীয় সংসদে পাস হয়েছে। সংসদের সোমবারের অধিবেশনে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিলটি উপস্থাপন করেন। বিলটি কন্ঠভোটে পাস হয়। এরআগে, বিলের ওপরে দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়। ২০০১ সালের ১১ এপ্রিল তৎকালীন সরকার ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন - ২০০১’ জারি করে। আইনটি কার্যকর করার উদ্দেশ্যে বর্তমান সরকার ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন - ২০১১’ জারি করে। গেজেট প্রকাশের সময়সীমা বৃদ্ধি করতে ২০১২ সালে পুনরায় এই আইনটি সংশোধন করা হয়। রেজাউল করিম হীরা বলেন, “আইনটি কয়েকবার সংশোধন করায় কিছু ধারায় অস্পষ্টতার সৃষ্টি হয়েছে, যা সুস্পষ্ট করা প্রয়োজন।” বি জি প্রেস থেকে গেজেট ছাপা হওয়ার পর সরবরাহ পেতে প্রায় ২০ থেকে ৩০ দিন সময় লেগে যাওয়ার বিষয়টি উল্লেখ করে হীরা বলেন, “তাছাড়া গেজেট প্রকাশের পর উক্ত গেজেট জেলা ও উপজেলা প্রশাসন বরাবর বিতরণ নিশ্চিত করতে কয়েকদিন অতিবাহিত হয়। ফলে গেজেট প্রকাশের বিষয়টি জনগণ প্রায় ৩০-৪০ দিন পর অবহিত হয়।” “সম্পতির দাবিদার কর্তৃক দাবির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতেও দীর্ঘ সময় লেগে যায়। এতে আইনে নির্ধারিত অর্পিত সম্পদিত্তর দাবিদার কর্তৃক আবেদন দাখিল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সে কারণে দাখিলের সময় সীমা বৃদ্ধি করা প্রয়োজন”, যোগ করেন মন্ত্রী। জনগণের সুবিধার্থে বিধান সংশোধন করে ১২০ দিনের পরিবর্তে ৩০০ দিন করা হয়েছে। দেশে অর্পিত সম্পত্তি রয়েছে ৬ লাখ ৬০ হাজার একর। প্রতি জেলায় একটি মাত্র কমিটি বা ট্রাইব্যুনাল অর্পিত সম্পত্তির বিষয়ে কাজ করছে। কোনো কোনো জেলায় অর্পিত সম্পত্তির বিপুল সংখ্যক আবেদন দায়ের হওয়ার কারণে কমিটি বা ট্রাইব্যুনালের জন্য নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা অসম্ভব হয়ে পড়বে বলেও বিবৃতিতে মন্ত্রী আশংকা প্রকাশ করেন। গত ১১ সেপ্টেম্বর রেজাউল করিম হীরা বিলটি উত্থাপন করার পর তা দুইদিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো গত ৬ অগাস্ট অনুমোদন করে মন্ত্রিসভা। সংসদের অধিবেশন চলমান না থাকায় ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইনটি অধ্যাদেশ আকারে জারি করার অনুমোদন দেয় মন্ত্রিসভা। সিদ্ধান্তটি অধ্যাদেশ আকারে প্রকাশের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। ২৭ অগাস্ট সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্বাক্ষরের মাধ্যমে অধ্যাদেশ প্রণয়ন ও জারি হয়। অন্যদিকে, সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়, অধ্যাদেশ জারির পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপিত হবে এবং ইতোপূর্বে বাতিল না হয়ে থাকলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর ত্রিশ দিন অতিবাহিত হলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে তা অননুমোদন করে সংসদে প্রস্তাব গৃহীত হলে অধ্যাদেশটির কার্যকরতা লোপ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১১৩ ঘ.