মাগুরা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদরে সোমবার এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মারাত্মক দগ্ধ জুঁই খাতুনকে (১৯) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জুঁইয়ের আত্মীয়া রুমা পারভীন সাংবাদিকদের বলেন, সদরের ভিটাসাইর গ্রামের চঞ্চল মৃধার সঙ্গে সঙ্গে তিন বছর আগে একই গ্রামের জুঁইয়ের বিয়ে হয়।
বিয়ের রাতেই জুঁই জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত এবং নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কলহ হতো। চঞ্চল প্রায়ই জুইকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।
তিনি বলেন, সোমবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে চঞ্চল জুঁইয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
জুইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমর প্রসাদ বিশ্বাস বলেন, জুইয়ের শরীরের অধিকাংশ জায়গাই পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।
মাগুরা সদর থানার ওসি আছাদুজ্জামান মুনসি বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.
bdnews24