২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নীতিমালার উদ্দেশ্য সোশ্যাল মিডিয়া-ব্লগ নিয়ন্ত্রণ নয়’

তথ্য সচিব বলছেন, টেলিভিশন বা সংবাদপত্রের মতো ইন্টারনেট সংবাদ মাধ্যমগুলোকেও ‘নিয়মের মধ্যে’ আনতেই এ নীতিমালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 05:15 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত ইন্টারনেট সংবাদ মাধ্যম নীতিমালার আওতায় সোশ্যাল মিডিয়া বা ব্লগ নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য সচিব হেদায়তুল্লাহ আল মামুন। প্রস্তাবিত নীতিমালা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের প্রেক্ষাপটে তথ্য সচিব সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনলাইনে যে সব প্রতিষ্ঠান সংবাদ সেবা কার্যক্রম চালাচ্ছে তাদেরকে নিয়ম-নীতির আওতায় নিয়ে আসতে একটি খসড়া প্রস্তাব দিয়েছি আমরা। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে।” বিভিন্ন কমিউিনিটি ব্লগ ও ফেইসবুকে প্রস্তাবিত নীতিমালার বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মত প্রকাশের স্বাধীনতার প্রতি সরকার সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সরকার নির্দিষ্ট কোনো মতামতকে চাপিয়ে রাখতে চায় না। আর এই নীতিমালায় ব্যক্তিগত ব্লগ ও সোশ্যাল মিডিয়া নেই।” ইন্টারনেটে সাংবাদিকতার বিস্তৃতি বাড়ছে জানিয়ে তথ্য সচিব বলেন, “ইন্টারনেটে বিরাট সংখ্যক পাঠক খবর পড়েন। সেজন্য এখানে সংবাদ সেবাদানকারীদের নির্দিষ্ট কিছু নিয়ম-কানুনের ভেতর আচরণ করতে হবে।” বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “যেমন ধরুন, টেলিভিশনে অনুষ্ঠান প্রচার করতে চাইলে কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রেও সে রকম নিয়ম আছে। সে জন্যই এ ব্যবস্থা।” ইন্টারনেট সংবাদ মাধ্যমগুলোকে একটি নীতিমালায় আনতে সরকার ১২ সেপ্টেম্বর এক বৈঠকে ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১২’ নামে একটি খসড়া প্রস্তাব দেয়। অক্টোবরের মধ্যে এর খসড়া চূড়ান্ত করা হবে বলে জানান তথ্যসচিব। বৈঠকে তিনি বলেন, “আমরা নীতিমালার মাধ্যমে অনলাইন গণমাধ্যমের বিকাশ বাধাগ্রস্ত করতে চাই না, বরং বিকাশে সহায়তা করতে চাই।” খসড়ায় বলা হয়েছে, ‘অনলাইন গণমাধ্যমের’ লাইসেন্স নেওয়ার জন্য এককালীন পাঁচ লাখ টাকা তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। প্রতিবছর ৫০ হাজার টাকা ফি দিয়ে এই লাইসেন্স নবায়ন করতে হবে। সরকার প্রয়োজনে লাইসেন্স ফি পুনর্নিধারণ করতে পারবে। বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৪ সদস্যের ‘জাতীয় রেগুলেটরি কমিটি’ এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (স¤প্রচার) সভাপতি করে নয় সদস্যের আরো একটি তদারকি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। সরকারি হিসাবে, সারাদেশে ২০০ ইন্টারনেট সংবাদপত্র রয়েছে। এসব সংবাদ মাধ্যম পরিচালনার জন্য বর্তমানে কোনো আইন, নীতিমালা বা অধ্যাদেশ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১১০০ ঘ.