২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সমস্যার সমাধানে সংলাপ চান সু চি

আইক্যাপ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, দুই দেশের মধ্যে সংলাপের মাধ্যমে সমাধান হতে পারে রোহিঙ্গা সমস্যার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইক্যাপ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, দুই দেশের মধ্যে সংলাপের মাধ্যমে সমাধান হতে পারে রোহিঙ্গা সমস্যার। গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টির (আইক্যাপ) সহ-সভাপতি আবদুল মতিন খসরুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমার সফর করে। ওই সময় বৈঠকে সু চি এ মন্তব্য করেন। রোববার সংসদের বেসরকারি বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সু চি মিয়ানমারের রাখাইন প্রদেশের জাতিগত দাঙ্গার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্বিপক্ষীয় শান্তি রক্ষার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের অরক্ষিত সীমান্তে অবাধ চলাচল বন্ধ করতে হবে এবং দুদিক থেকে অনুপ্রবেশ বন্ধ করার জন্য টহল ও নিরাপত্তা জোরদার করতে হবে।” সাক্ষাতে মতিন খসরু মিয়ানমারের রাখাইন প্রদেশের জাতিগত দাঙ্গার বিষয়টি তুলে ধরেন। তিনি সু চিকে বলেন, “রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে গ্রহণ না করায় তারা জাতিহীন গোষ্ঠীতে পরিণত হয়েছে।” সমস্যার সমাধানে তিনি মিয়ানমারের নাগরিকত্ব আইন সংশোধনের ওপর গুরুত্ব আরোপ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএএইচ/এএল/২০২১ ঘ.