জয়পুরহাট, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কার নেয়ার আগের রাতে আত্মহত্যা করেছেন জয়পুরহাট সদর থানার এএসআই আব্দুর রশিদ।
দাম্পত্য কলহের জেরে শনিবার রাতে জয়পুরহাট শহরের সুইপার কলোনির অদূরে ঢাকাগামী আন্তঃনগর নীল সাগর ট্রেনের নিচে পড়ে তিনি আত্মহত্যার করেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত পুলিশ কর্মকর্তা পঞ্চগড় জেলা সদরের দশমাইল বেলগাতি গ্রামের মজিবর রহমানের ছেলে।
গত অগাস্টে মাদক দ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের জন্য জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসাবে রোববার তাকে আনুষ্ঠিানিকভাবে পুরস্কৃত করার কথা ছিল বলে জানায় পুলিশ।
জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, “দাম্পত্য কলহের কারণে এএসআই রশিদ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।”
তার স্ত্রী তাসমিন আরা বেগম এএসআই রশিদ পরকিয়া প্রেমে জড়িত হওয়ায় পারিবারিক অশান্তি সৃষ্টি হয়েছে অভিযোগ করলে গত ১৪ শুক্রবার জয়পুরহাট সদর থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় তাকে।
এতে রশিদ মানসিকভাবে ভেঙ্গে পড়েন বলে জানান সদর থানার কয়েকজন পুলিশ।
দায়িত্ব পালন শেষে প্রায়ই রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী তাকে সন্দেহ করত। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-ঝাটি লেগেই থাকত।
নিহত এএসআই এর ছোট ভাই আব্দুর রঊফ জানান, আত্মহত্যার আগে রশিদ তার মোবাইল ফোনে এসএমএস করেন।
এতে লেখা ছিল, “আমার সঙ্গে আর দেখা হবে না, আমার সন্তান, বাবা-মা ও তোর ভাবীকে দেখিস।”
তার একটি ছয় বছরের ছেলে রয়েছে।
সদর থানা ওসি আব্দুর রশিদ সরকার জানান, রঊফ এসএমএসটির কথা জানানোর পর বিভিন্ন স্থানে খোজ নিতে শুরু করে পুলিশ।
রাত ২টার দিকে শহরের সুইপার কলোনি এলাকায় রেল লাইন থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়না তদন্ত শেষে রোববার দুপুরে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৯ ঘ.
bdnews24