ঝালকাঠী, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম বারের মতো পিছিয়েছে র্যাবের গুলিতে পা হারানো লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন।
রোববার ঝালকাঠী ঝালকাঠী যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মঞ্জুরুল ঈমাম র্যাবের করা এই অস্ত্র মামলার অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ ২৮ জানুয়ারি নির্ধারণ করেছেন।
লিমনের আইনজীবী আক্কাস সিকদার জানান, বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারক মো. মঞ্জুরুল ঈমাম অভিযোগ গঠনের জন্য এ তারিখ ধার্য করেন।
২০১১ সালের ২৩ মার্চ র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক পা হারায় ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কলেজ ছাত্র লিমন হোসেন। এ ঘটনায় অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লিমনসহ ৮ জনের বিরুদ্ধে দু’টি মামলা করে র্যাব।
অন্যদিকে লিমনের মা হেনোয়ারা বেগম ছেলেকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি মামলা করেন।
আইনজীবী আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝালকাঠী বিশেষ ট্রাইবুনাল-২ আদালতে মামলাটি চললেও দীর্ঘদিন ধরে এর বিচারক পদটি শূন্য রয়েছে। তাই রোববার সকালে বিচারক মঞ্জুরুলের আদালতে হাজির হয় লিমন হোসেন।
“এ আদালতের অভিযোগ গঠনের আইনগত আওতা না থাকায় আবারো দিন ধার্য করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লিমন জানায়, এক সপ্তাহ আগে হোঁচট খেয়ে তার কৃত্রিম পাটি ভেঙে গেছে। এতে চলাফেরা তার জন্য কষ্টকর হয়ে পড়েছে।
“একটি পা চির দিনের জন্য হারিয়েছি। এখন মিথ্যা মামলায় হয়রানি হতে হতে জীবনটাই বিপন্ন হয়ে গেছে।’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬২২ ঘ.
bdnews24