ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের পরদিন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সরকারের আরেকটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন। ৭৪ বছর বয়সী এই আওয়ামী লীগ নেতাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে। ফলে প্রমোদ মানকিনকেই কার্যত এ মন্ত্রণালয়কে চালিয়ে নিতে হবে।
সরকারের মেয়াদ আর এক বছর বাকি থাকতে গত বৃহস্পতিবার নতুন পাঁচমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। এরপর শনিবার তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। পুরনোদের মধ্যেও আনা হয় ব্যাপক রদবদল।
এই রদবদলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ভেঙে দুটি আলাদা মন্ত্রণালয় করে এই দপ্তরের পুরনো মন্ত্রী আবুল কালাম আজাদকে দেয়া হয়েছে কেবল সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। আর তথ্যের দায়িত্ব পেয়েছেন নতুন মন্ত্রী হওয়া জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১৩৫ ঘ.
bdnews24