ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দিন কার্যালয়ে এসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
তিনি রোববার সকাল ১০টা ২৫ এ নিজের দপ্তরে পৌঁছালে সচিব এম আসলাম আলম ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এরপর মন্ত্রী তার দপ্তরে যান এবং পরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন।
সাবেক এই কূটনীতিক বলেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে।
এই অগ্রগতি ধরে রাখতে এবং কাজের মধ্য দিয়ে মন্ত্রণালয়কে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তিনি।
গত বৃহস্পতিবার নতুন পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেয়ার পর শনিবার তাদের দায়িত্ব বণ্টন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদে ব্যাপক রদবদলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ভেঙে দুটি আলদা মন্ত্রণায় করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্ব পান মাহমুদ আলী। আর খাদ্যের দায়িত্ব থাকে আগের মন্ত্রী আব্দুর রাজ্জাকের ওপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১১৩৫ ঘ.
bdnews24