২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মন্ত্রীকে স্বাগত জানাতে রেলভবন ‘প্রস্তুত’

রেলপথ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মুজিবুল হককে স্বাগত জানাতে প্রস্তুত রেল ভবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 04:56 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলপথ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মুজিবুল হককে স্বাগত জানাতে প্রস্তুত রেল ভবন। দশ মাস আগে যোগাযোগ মন্ত্রণালয় ভেঙে যোগাযোগ ও রেলপথ নামে আলাদা দুটি মন্ত্রণালয় গঠনের পর ক্ষমতাসীন দলের সাংসদ মুজিবুল হক হচ্ছেন এর তৃতীয় মন্ত্রী। রোববার সকাল থেকে রেলভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়। বদলে দেয়া হয় মন্ত্রীর কক্ষের নাম ফলক। মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তার শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী বেলা ১২টায় রেলভবনে আসবেন বলে জানিয়েছেন। সাড়ে ১২টায় তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।” গত বছরের ৪ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের যাত্রা শুরুর পর এর দায়িত্ব নেন সুরঞ্জিত সেনগুপ্ত। কিন্তু তার এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে ১৬ এপ্রিল দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই আওয়ামী লীগ নেতা। এরপর সুরঞ্জিতকে দপ্তরবিহীন রেখে রেল দেখভালের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে। তার ‘দৃশ্যমান’ তৎপরতার কারণে পরের দিনগুলোতেও আলোচনায় থাকে এ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার নতুন পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেয়ার পর শনিবার তাদের দায়িত্ব বণ্টন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদে ব্যাপক রদবদলে আলোচিত রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান কুমিল্লার চৌদ্দগ্রামের সংসদ সদস্য মুজিবুল হক, যিনি সংসদে হুইপের দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১০৪৫ ঘ.