২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বর্জন বন্ধে আইন চায় টিআইবি

পাশাপাশি সংসদ অধিবেশনে টানা ৩০ দিন অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজের বিধান করার প্রস্তাবও দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 08:28 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ বর্জন বন্ধে আইন করার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। পাশাপাশি সংসদ অধিবেশনে টানা ৩০ দিন অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজের বিধান করার প্রস্তাবও দিয়েছে তারা। শনিবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপনের অংশ হিসাবে টিআইবি ‘সংসদীয় উন্মুক্ততার ঘোষণাপত্র’ প্রকাশ উপলক্ষে রাজধানীর ব্রাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “পৃথিবীর অন্য কোনো দেশে সংসদ বর্জনের এরকম দৃষ্টান্ত নেই। পঞ্চম সংসদ থেকে এই বর্জনের ধারা চালু হয়েছে। সে সময় এই বর্জনের হার ছিল ৩৪ শতাংশ, যা নবম সংসদে এসে ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে। “তাই আমরা আইন করে সংসদ বর্জন বন্ধ করা এবং দলগতভাবে সংসদের অধিবেশনে যোগদান থেকে সর্বোচ্চ ৩০ দিন বিরত থাকার রীতি, যার মধ্যে একাধারে সাতদিনের বেশি অনুপস্থিত থাকা যাবে না- এরূপ বিধান প্রবর্তনের প্রস্তাব করছি।” বর্তমানে কোনো সংসদ সদস্য টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্যপদ খারিজ হয়। এক্ষেত্রে ব্যক্তিগত অনুপস্থিতিই হিসাব করা হয়। একটি কার্যকর ও জনমুখী সংসদ গড়ে তোলার উদ্দেশ্যে সংসদের কার্যবিবরণীর পূর্ণ প্রকাশ ও পরিবীক্ষণের সুযোগ বাড়ানো, সংসদ সদস্যদের আয় ও সম্পদ বিবরণী নিয়মিতভাবে প্রকাশ, জনগণ এবং সংসদের মধ্যে দ্বিমুখী যোগাযোগের ধারা তৈরিতে ডিজিটালাইজেশনের মাধ্যমে সর্বশেষ সংসদীয় তথ্য প্রকাশের ধারা তৈরি এবং খসড়া হিসাবে উত্থাপিত সংসদ সদস্যদের আচরণবিধিকে আইনে রূপান্তরের প্রস্তাব করেছে। সংসদীয় পরিবীক্ষণে সরকার অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে অভিযোগ তুলে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “পৃথিবীর অনেক দেশেই পরিবীক্ষণের বাধ্যবাধকতা বা চর্চা থাকলেও আমাদের দেশে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়নি, বরং সংসদে এর ব্যাপক সমালোচনা হয়েছে।” সংসদ সদস্যদের আচরণবিধিকে আইনে রূপান্তরের প্রস্তাব জানিয়ে তিনি বলেন, “সংসদ সদস্যদের জন্য কোনো নৈতিক আচরণবিধি নেই। ২০১০ সালে এ বিষয়ে একটি বিল উত্থাপিত হলেও তা এখনো আইনে পরিণত হয়নি।” সংবাদ সম্মেলনে টিআইবি চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, “যে ভাষা মানুষকে লজ্জায় ফেলে সে ভাষা অন্তত সংসদের মতো একটা জায়গায় ব্যবহার করা উচিত না। স্বচ্ছতা, সততার মতো সভ্যতা, সুশীল এই বিষয়গুলো যদি না থাকে তাহলে সেটা গণতন্ত্র হয় না।” একই সঙ্গে সংসদে জনসম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে জনগণের কাছ থেকে কিছু উদ্যোগ এলেও সরকারের পক্ষ থেকে এমন আচরণ করা হয় যে সেটিকে শেষ পর্যন্ত বেশিদূর এগিয়ে নেয়া যায় না। সংসদ অধিবেশনের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম সরাসরি দেখার সুযোগ তৈরি করার আহ্বান জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, স্থায়ী কমিটির কোনো কার্যক্রম প্রকাশ্য না হওয়ায় সেখানে কার কী অবস্থান, তা অস্পষ্ট থেকে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৪২৪ ঘ.