বাগেরহাট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে বৃহষ্পতিবার রাতে মাছধরা ট্রলারের অন্তত ২৫ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে অপহৃত এই জেলেদের বাড়ি বাগেরহাট, পিরোজপুর ও বরগুনায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবার বিকালে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অপহৃতদের মধ্যে কয়েকজন হলেন বাগেরহাটের শরণখোলার শাপলারপাড় গ্রামের বাসিন্দা এফবি অনামিকা ট্রলারের ধলু মোল্লা, রাজৈর গ্রামের এফবি মাগো জান ট্রলারের জামাল মাঝি এবং খোন্তাকাটা গ্রামের এফবি জননী ট্রলারের মোস্তফা মাঝি। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জাতীয় মৎস্যজীবী সমিতির বাগেরহাটের শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহষ্পতিবার রাত ৮টার দিকে মাছ ধরা অবস্থায় জেলেদের ট্রলারে সশস্ত্র জলদস্যুরা হামলা চালায়। তারা অন্তত ২৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে।
তারা দুটি ট্রলারে করে জেলেদের সুন্দরবনের গহীনে নিয়ে গেছে বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, বলেন তিনি।
মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার সাঈদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়জন জেলেকে অপহরণ করেছে তা অনুসন্ধান করতে শুক্রবার বিকালে কোস্টগার্ডের একটি দল বঙ্গোপসাগর সংলগ্ন শেলারচর পাঠানো হয়েছে।
অপহরণের সত্যতা মিললে উদ্ধার অভিযান শুরু করবে কোস্টগার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24