২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীর অবমাননা: ইসলামী সংগঠনের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে হযরত মোহাম্মদকে (স.) নিয়ে ‘আপত্তিকর’ চলচ্চিত্র নির্মাণের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে কয়েকটি ইসলামী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে হযরত মোহাম্মদকে (স.) নিয়ে ‘আপত্তিকর’ চলচ্চিত্র নির্মাণের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে কয়েকটি ইসলামী সংগঠন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে সেখানে অবস্থান নিয়ে সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ‘ইনোসেন্স অব মুসলিম’ নামে ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানান। নিন্দা প্রস্তাব গ্রহণ না করা হলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন তিনি। এ ছাড়া খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ কয়েকটি সংগঠন মিছিল নিয়ে বায়তুল মোকাররাম থেকে জাতীয় প্রেস ক্লাবে যায়। সেখানে যুক্তরাষ্ট্রের পতাকায় তারা অগ্নিসংযোগ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রমনা পুলিশের পেট্রল ইন্সপেক্টর মো. শহীদ। তিনি বলেন, “বিক্ষোভকারীরা বিকাল ৩টার পরে রাস্তা থেকে সরে যায়।” এদিকে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এ সময় আন্দরকিল্লা মোড় ও এর আশেপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ২০১২ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোনেন্স অব মুসলিম’ ছবিটির পরিচালক কথিত স্যাম বাসিল বা অ্যালান রবার্টস। চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/এএল/জেকে/১৮৩৫ ঘ.